ইপিএফ পেনশন বৃদ্ধি নিয়ে বড় ধাক্কা, অর্থমন্ত্রকের সিদ্ধান্তে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

নয়াদিল্লি: ইপিএফ গ্রাহকদের জন্য দুঃসংবাদ। ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের মে মাসেই এই প্রস্তাব খারিজ করে দিয়েছে নির্মলা সীতারামনের মন্ত্রক। শুক্রবার সংসদে পেশ করা এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এই ঘটনায় কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছে। কমিটির রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, লক্ষ লক্ষ পেনশনভোগীর স্বার্থ রক্ষায় শ্রমমন্ত্রক অত্যন্ত ‘শিথিল মনোভাব’ দেখাচ্ছে। বর্তমান বাজারে মাসে মাত্র এক হাজার টাকা পেনশন দিয়ে সম্মানজনক জীবনধারণ যে আসাম্ভব, তা বারবার মনে করিয়ে দিলেও কেন্দ্র তাতে কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বর্তমান সরকার ইপিএস-৯৫ প্রকল্পের অধীনে ন্যূনতম এক হাজার টাকা পেনশন চালু করেছিল। কমিটির দাবি ছিল, এই অংক বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করা হোক। শ্রমমন্ত্রক জানিয়েছে, তারা পুনরায় অর্থমন্ত্রকের কাছে সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে এবং প্রতিটি প্রাক-বাজেট বৈঠকেই এই দাবি জানানো হচ্ছে। তবে অর্থমন্ত্রকের অনড় অবস্থানে আপাতত অনিশ্চয়তার মুখে কয়েক লক্ষ ইপিএফ সদস্যের ভবিষ্যৎ।