ইভিএম কারচুপি ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে সরব মমতা

ধর্মতলার ধরনামঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের উপস্থিতিতেই তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিজেপি ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া এবং ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি দলীয় কর্মীদের আগাম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেন, চক্রান্ত করে রাজ্যর প্রায় ৫০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, কমিশন আধিকারিকদের ভয় দেখাচ্ছে এবং ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ধরনামঞ্চ থেকে ‘ছাব্বিশে ভোটে হবে বাই বাই’ স্লোগান তোলেন তিনি।
নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, মানুষের ভোটে জিততে চাইলে কেড়ে নেওয়া ভোটাধিকার অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। ইভিএমে ভুল বার্তা ছড়িয়ে এবং অফিসারদের প্রভাবিত করে নির্বাচনী ফলাফল হস্তান্তরের যে কোনও প্রচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করেন তৃণমূল নেত্রী।