ইভিএম খারাপ হলে ভোট দেবেন না, মালতিপুরের জনসভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার

ইভিএম খারাপ হলে ভোট দেবেন না, মালতিপুরের জনসভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার

নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গকে পাখির চোখ করে মালদহে ঝোড়ো সফর করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালতিপুরের জনসভা থেকে সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। ইভিএম মেশিনের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের সতর্ক করে নেত্রী জানান, কেন্দ্রীয় সরকারের তৈরি এই যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভোটদান বন্ধ রাখতে হবে। প্রয়োজনে নতুন মেশিনের দাবি তুলতে হবে এবং গণনার দিনগুলিতে লোডশেডিং রুখতে বুথ পাহারার দায়িত্ব নিতে হবে তৃণমূলের কর্মী ও মা-বোনেদের।

জনসভা থেকে বিজেপিকে ‘ছদ্মবেশী’ বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। ৫০০ টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চয় উধাও করে দেওয়ার আশঙ্কায় ভোটারদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেত্রী। তাঁর দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশনের একাংশ কাজ করছে, যা গণতন্ত্রের জন্য অপমানজনক।

এদিন মালদহবাসীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর সাফ বার্তা, সন্ত্রাস ও চক্রান্তের রাজনীতি বাংলায় ঠাঁই পাবে না। বিজেপিকে ভোট দিয়ে মানুষের অপমান করার বদলা নেওয়ার ডাক দেন তিনি। মালতিপুর থেকে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাঁর হেলিকপ্টারের কাছে রহস্যময় ড্রোনের উপস্থিতি ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। সামগ্রিকভাবে মালদহের মাটি থেকে মোদী-শাহ জুটিকে রাজনৈতিকভাবে পরাস্ত করার আহ্বান জানিয়ে জনসংযোগে শান দিলেন মমতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *