ইরাকের পর এবার কি তবে ইরান? ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ভাগ বসানোর পথে আমেরিকা। ইরানের তেলভাণ্ডার আর কৌশলগত খাড়গ আইল্যান্ড দখলের এক চাঞ্চল্যকর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান হয়ে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসার সম্ভাবনা থাকলেও ট্রাম্পের আসল নজর এখন দেশটির বিপুল তেল সম্পদের ওপর। ভেনেজুয়েলার কায়দাতেই এবার ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ছক কষছে মার্কিন প্রশাসন। ইউরেনিয়াম সমৃদ্ধি রোখা আর তেলের দখল নেওয়াই এখন হোয়াইট হাউসের তুরুপের তাস।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাড়গ দ্বীপ যদি ট্রাম্পের নিয়ন্ত্রণে চলে যায় তবে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ বার্তা বিনিময় হলেও যুদ্ধের দামামা যে কোনো সময় আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড়সড় ধস নামাতে পারে বলে আশঙ্কা।