ইরাকে বিমান ভূপাতিতের দাবি! সত্যিই কি গুলি করে নামানো হয়েছিল? মুখ খুলল মার্কিন বাহিনী

বৃহস্পতিবার পশ্চিম ইরাকে মার্কিন বায়ুসেনার একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জন আরোহীর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ঘটনার পরপরই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক’ বিমানটি গুলি করে নামানোর দাবি করলেও, আমেরিকা সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত এই বিমানটি নিছক দুর্ঘটনার কবলে পড়েছিল। শত্রু পক্ষের হামলা বা অন্য কোনো দেশের সম্পৃক্ততার তথ্য উড়িয়ে দিয়ে তারা জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’-র কাজে ব্যবহারের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।
আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করলেও মার্কিন প্রশাসন একে একটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবেই দেখছে। গত কয়েক দিনে ইরান-সংক্রান্ত উত্তেজনার মাঝে এটি আমেরিকার চতুর্থ বিমান বিপর্যয়। যদিও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একে তাদের সাফল্য হিসেবে প্রচার করছে, তবে মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, আকাশপথের সার্বভৌমত্ব রক্ষার যুক্তিতে হামলার যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।