ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খোলার ডেডলাইন

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খোলার ডেডলাইন

হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি স্পষ্ট জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালানো হবে। বিশেষ করে দেশটির বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা শুরু হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে ইরান এই কৌশলগত প্রণালীটি বন্ধ করে দেয়। ট্রাম্পের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে তেহরান পিছু না হটলে মার্কিন বাহিনী ইরানের জ্বালানি পরিকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে প্রস্তুত। এই চরম উত্তেজনার আবহে ট্রাম্প প্রশাসন ইতিপূর্বে ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করলেও সামরিক হুমকির সুর বজায় রেখেছে।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটা বেড়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ তাদের জরুরি মজুত থেকে তেল বাজারে ছাড়তে শুরু করলেও, ট্রাম্পের এই সাম্প্রতিক আলটিমেটাম মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *