ইরানকে বড় চ্যালেঞ্জ ৩৫ দেশকে নিয়ে হরমুজ প্রণালী মুক্ত করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালীর দখল মুক্ত করতে বড়সড় সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বুধবার তিনি জানান, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডসসহ মোট ৩৫টি দেশ এই জলপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ চুক্তিতে স্বাক্ষর করেছে। এই দেশগুলো যৌথভাবে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ও আটকে পড়া নাবিকদের উদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ইঙ্গিত হিসেবে দেখছেন। স্টারমার জানিয়েছেন, শীঘ্রই একটি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ সচল রাখাই এই জোটের প্রধান লক্ষ্য। হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ব্রিটেনের এই কঠোর অবস্থান তেহরানের সঙ্গে সঙ্ঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইরান ইস্যুতে বন্ধু দেশগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে সম্প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে, আমেরিকা আর অন্য দেশের হয়ে লড়াই করবে না। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ব্রিটেনের নেতৃত্বে এই আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা এল। এই পদক্ষেপের নেপথ্যে মার্কিন চাপ কাজ করছে কি না, তা নিয়ে ইতিমধেই আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে।