ইরানকে মার্কিন সামরিক গোপন তথ্য দিচ্ছে রাশিয়া, চাঞ্চল্যকর দাবি গোয়েন্দা সূত্রের

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির নিখুঁত অবস্থান ও ড্রোন পরিচালনার কৌশল দিয়ে রাশিয়া সাহায্য করছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মস্কোর উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের গতিবিধির তথ্য তেহরানকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোন কৌশলও ইরানকে শেখানো হচ্ছে বলে পেন্টাগন সূত্রে জানা গেছে।
সম্প্রতি কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় সেনার মৃত্যুর ঘটনায় এই গোয়েন্দা তথ্যের গুরুত্ব আরও বেড়েছে। অন্যদিকে, চীনও ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জ্বালানি নিরাপত্তার খাতিরে বেইজিং এই সংঘাত দ্রুত মেটানোর পক্ষপাতি। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, ওয়াশিংটন পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে।
বর্তমানে সেন্টকমের অধীনে প্রায় ৫০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান এবং দুটি রণতরী মোতায়েন রয়েছে, যাদের মূল লক্ষ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, রাশিয়া, চীন ও ইরানের এই সম্ভাব্য অক্ষ সমীকরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক জটিল ও বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। এই ভূ-রাজনৈতিক মেরুকরণ বিশ্ব রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।