ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে নিযুক্ত বেশ কয়েকজন ইরানি কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। তেহরানের বিরুদ্ধে সৌদি ভূখণ্ড, উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং অন্যান্য আরব ও ইসলামি দেশগুলোর ওপর বারবার হামলার অভিযোগ তুলে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন ও বেইজিং ঘোষণার লঙ্ঘনের দায়ে ইরানের সামরিক দূতসহ পাঁচ কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের কর্মকাণ্ডকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সৌদির দাবি, ইরানের এই আচরণ প্রতিবেশী সুলভ নীতি এবং ইসলামি মূল্যবোধের পরিপন্থী, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। গত ৯ মার্চ দেওয়া সতর্কবার্তার উল্লেখ করে রিয়াদ স্পষ্ট করেছে যে, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তারা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ইরানি ঘাঁটিতে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে অস্থিরতা ছড়িয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন ও ইসরাইলি সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই বহিষ্কারাদেশের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।