ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দিতে হরমুজ প্রণালীতে আমেরিকার ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার হামলা

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সুগম করতে একাই সামরিক অভিযানে নামল আমেরিকা। ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি লক্ষ্য করে ২,২০০ কেজি ওজনের শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। তেহরানের নিয়ন্ত্রণাধীন এই ঘাঁটিগুলোতে থাকা অ্যান্টি-শিপ মিসাইল বিশ্ববাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছিল বলে দাবি করা হয়েছে। মূলত জ্বালানি সংকট নিরসন এবং জলপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিধ্বংসী পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই অভিযানে ইউরোপীয় মিত্র দেশগুলোর সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। জার্মানি, স্পেন ও ইতালির মতো দেশগুলো আন্তর্জাতিক অনুমোদনের অজুহাতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকার করলে ট্রাম্প স্পষ্ট জানান, বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা একাই পরিস্থিতি সামলাতে সক্ষম। মাটির গভীরে থাকা সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই ‘ডিপ পেনিট্রেটর’ বোমা ব্যবহারের মাধ্যমে ওয়াশিংটন তাদের সামরিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল। কোনো জোটের ওপর নির্ভর না করে মার্কিন প্রশাসন এখন সরাসরি ইরানি সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর।