ইরানি প্রেসিডেন্টকে মোদীর ঈদ ও নওরোজের শুভেচ্ছা, আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা

ইরানি প্রেসিডেন্টকে মোদীর ঈদ ও নওরোজের শুভেচ্ছা, আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে আলাপকালে পবিত্র ঈদ ও নওরোজ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতা এই উৎসবের মৌসুমে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ফেরার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এই অঞ্চলে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

কথোপকথনকালে প্রধানমন্ত্রী মোদী নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের সহযোগিতার প্রশংসা করেন। যুদ্ধ শুরুর পর এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় দফার ফোনালাপ। মোদী স্পষ্ট করেন যে, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখা বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য।

অন্যদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন যে, ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর মোদী সরকার নীরবতা পালন করছে। শনিবার এক বিবৃতিতে কংগ্রেস দাবি করেছে, নির্দিষ্ট কিছু দেশের হামলার নিন্দা না জানানো সরকারের কূটনৈতিক ব্যর্থতা। তারা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ভারতের পক্ষ থেকে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *