ইরানি যুদ্ধে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা, নজরে চিনের রণকৌশল

ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাতের আবহে প্যাট্রিয়ট ও থাড-এর মতো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ্যে এসেছে। তেহরানের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এই ব্যবস্থাগুলি কার্যত ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলো বড়সড় ক্ষতির মুখে পড়েছে। এমনকি যান্ত্রিক ত্রুটির কারণে নিজেদের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা পেন্টাগনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটনের এই সামরিক দুর্বলতাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেজিং। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান দখল বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে আমেরিকা যে পিছিয়ে পড়তে পারে, ইরান যুদ্ধ তা স্পষ্ট করে দিয়েছে। বিশেষত চিনের হাতে থাকা বিপুল পরিমাণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন এয়ার ডিফেন্স কতটা কার্যকর হবে, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে নিজেদের খামতি ঢাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন প্রযুক্তি ও ‘গোল্ডেন ডোম’-এর মতো কৃত্রিম উপগ্রহভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে জোর দিচ্ছে আমেরিকা। অন্যদিকে, যুদ্ধের খরচ কমাতে সস্তা ড্রোনের কার্যকর ব্যবহারের কৌশল রপ্ত করছে চিন। দুই মহাশক্তির এই সামরিক মহড়া ও পাল্টাপাল্টি গবেষণার ফলাফলই ভবিষ্যতে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।