ইরানের কড়া হুঁশিয়ারি: বন্ধ হরমুজ প্রণালী, কঠোর বিধিনিষেধের কবলে আমেরিকা-ইজরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আমেরিকা, ইজরায়েল ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার এই পথে যাতায়াত করতে পারবে না। ইরানের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন মেনেই তারা এই নিয়ন্ত্রণ আরোপ করেছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্দিষ্ট দেশগুলোর কোনো জাহাজ এই সীমানায় প্রবেশ করলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারস্য ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ বিশ্বের তেল পরিবহনের প্রধান মাধ্যম হওয়ায় বিশ্ব বাজারে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে মিত্র হিসেবে চিনের জাহাজ চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছে তেহরান। সব মিলিয়ে, নতুন এই সতর্কবার্তায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর সংকটের উদ্বেগ দেখা দিয়েছে।