ইরানের গ্যাস ফিল্ডে ভয়াবহ হামলা: বিশ্ববাজারে জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি, সংকটে ভারত
ইরানের বুশেহর প্রদেশের আসালুয়েহে অবস্থিত বিশ্বের বৃহত্তম ‘সাউথ পার্স’ গ্যাস ফিল্ডে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় একাধিক প্রসেসিং ইউনিট ও জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছেছে। পালটা জবাবে ইরান সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহির গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোতে হামলার হুমকি দেওয়ায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বড়সড় ঝুঁকির মুখে পড়েছে।
যৌথ মালিকানাধীন এই গ্যাস ফিল্ডে হামলার ঘটনায় কাতার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সাউথ পার্সকে আন্তর্জাতিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড বলা হয়, তাই এখানে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে এনার্জি সাপ্লাই চেনে অস্থিরতা তৈরি হয়েছে। লন্ডনের বাজারে গ্যাসের দামও প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি থার্মে ১৪৩.৫৩ পেন্স স্পর্শ করেছে। বর্তমানে ওই অঞ্চলের একাধিক ইউনিটে আগুন নেভানোর কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ খতিয়ান এখনও মেলেনি।
এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের ওপর, কারণ ভারত তার প্রয়োজনীয় এলপিজি-র প্রায় ৮০-৮৫ শতাংশ কাতার ও সৌদি আরব থেকে আমদানি করে। কাতার থেকে বছরে ১.৪ কোটি টনের বেশি এলএনজি আমদানিতে টান পড়লে ভারতের অভ্যন্তরীণ জ্বালানি জোগানে বড় সংকট দেখা দিতে পারে। ড্রোন হামলার জেরে এমনিতেই সরবরাহ অনিয়মিত ছিল, তার ওপর এই নতুন সংঘাত ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।