ইরানের নিশানায় বিশ্বখ্যাত টেক জায়ান্টরা, ডিজিটাল পরিকাঠামোয় বড় সংকটের আশঙ্কা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার এক বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এনভিডিয়া এবং আইবিএম-এর মতো আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলি এখন সরাসরি হামলার লক্ষ্যবস্তু। ইরানের দাবি, এই সংস্থাগুলি আমেরিকা ও ইসরায়েলি সামরিক প্রযুক্তির সঙ্গে যুক্ত, যা তাদের যুদ্ধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে অবস্থিত কো ম্পা নিগুলির অফিস ও ডেটা সেন্টারগুলো নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই ডিজিটাল পরিকাঠামোর ওপর আক্রমণের প্রভাব পড়তে শুরু করেছে। গত ১ মার্চ ইরানি ড্রোন হামলায় বাহরাইন ও আমিরাতের বেশ কিছু অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন অনলাইন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক যুদ্ধের এই নতুন কৌশলে কেবল সেনাবাহিনী নয়, বরং কোনো দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মেরুদণ্ডকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইরান তার নাগরিকদের ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দফতর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট ও ক্লাউড পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা কেবল জ্বালানি বাজার নয়, বরং বিশ্বব্যাপী ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার জন্যও এক ভয়াবহ অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে।