ইরানের নীতিতে আপস নয়, আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখার হুঁশিয়ারি মুজতবা খামেনেইর

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহে বড়সড় বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনেই। আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের মৌলিক নীতিতে কোনোভাবেই আপস করা হবে না। ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর খামেনেইর এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। মুজতবা খামেনেই জানান, কাসেম সুলেমানি, হাসান নাসরুল্লাহ এবং হাশেম সাফিদ্দীনের মতো শহিদদের দেখানো পথেই এগোবে ইসলামি প্রতিরোধ বাহিনী।
ইরানি প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, খামেনেই তাঁর প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর আদর্শ অনুসরণের ওপর জোর দিয়েছেন। তিনি আমেরিকা ও ইজরায়েলকে ইসলামি রাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে সাফ জানিয়েছেন, শহিদদের আত্মত্যাগই প্রমান করে যে এই লড়াই ন্যায়ের পথে। অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে আটকানোর লক্ষ্য পূরণ হয়েছে বলেই মার্কিন সেনা সরানো হচ্ছে। তবে প্রয়োজন পড়লে আমেরিকা পুনরায় প্রত্যাঘাত করবে বলেও সতর্ক করেছেন তিনি।
এদিকে রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে বড় দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, এই জলপথ বর্তমানে সম্পূর্ণ ইরানি নৌসেনার নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের শত্রুদের জন্য এটি খোলা হবে না। পাশাপাশি তেহরান ও খার্গ দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে মোসাদ ও সিআইএ-র বেশ কয়েকজন চরকে গ্রেফতার করার দাবিও করেছে ইরান। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানানো হয়েছে, যা এই অঞ্চলে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিল।