ইরানের পরবর্তী সুপ্রিম লিডার খামেনেই-পুত্র মোজতাবা, ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে মনোনীত হলেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ ভোটাভুটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৫৬ বছর বয়সী মোজতাবাকে এই পদের জন্য বেছে নিয়েছে। এতদিন দেশটির অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কাউন্সিল। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে এই ঘোষণা নিয়ে পরিষদের অন্দরে যথেষ্ট গোপনীয়তা ও নিরাপত্তার সংশয় ছিল।
১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতাবা খামেনেই ইরান-ইরাক যুদ্ধের প্রবীণ সৈনিক এবং শিয়া ধর্মতাত্ত্বিক কেন্দ্র কোমের মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেছেন। দীর্ঘকাল পর্দার আড়ালে থাকলেও তিনি ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ এবং একাধিক শিয়া সংগঠনের অঘোষিত নেতৃত্বে রয়েছেন বলে জানা যায়। এর আগে সরাসরি কোনো সরকারি পদে না থাকলেও এবং জনসমক্ষে খুব একটা কথা না বললেও, দেশীয় রাজনীতিতে তাঁর প্রভাব ছিল অনস্বীকার্য। ২০২২ সালের হিজাব বিরোধী আন্দোলনের সময়ও তিনি বিক্ষোভকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
মোজতাবার এই ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা যেই হোন না কেন, তাঁকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা বেশিদিন টিকে থাকতে পারবেন না। দুই শক্তিশালী দেশের অব্যাহত হুমকির মুখে মোজতাবার নেতৃত্বে তেহরানের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।