ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা স্থগিত রাখলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের ইতি

ওয়াশিংটন : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস বইতে শুরু করল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর ঘোষণায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। সোমবার ট্রাম্প জানিয়েছেন, আগামী ৫ দিন ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি পরিকাঠামোয় সামরিক হামলা চালাবে না আমেরিকা।
গত কয়েকদিনের চরম উত্তেজনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ফলপ্রসূ আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “গত দু’দিনে ইরানের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সংঘাতের পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে আমি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে আগামী ৫ দিন ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।”
উল্লেখ্য, মাত্র ২৪ ঘণ্টা আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে তাদের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। সেই কড়া অবস্থান থেকে সরে এসে এই সাময়িক বিরতিকে যুদ্ধের মোড় ঘোরানো বড় ঘটনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, আলোচনার অগ্রগতির ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।
এদিকে এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় জানিয়েছেন, যুদ্ধের প্রভাব মোকাবিলায় ভারতের কাছে পর্যাপ্ত পেট্রোলিয়াম ও কয়লা মজুত রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকও পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী ৫ দিন কি সত্যিই স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে, না কি এটি কেবলই ঝড়ের আগের স্তব্ধতা, এখন সেটাই দেখার।