ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে উস্কানি দিয়েছিলেন কে? অবশেষে সেই প্রভাবশালী ব্যক্তির নাম ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে উস্কানি দিয়েছিলেন কে? অবশেষে সেই প্রভাবশালী ব্যক্তির নাম ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর ২৫ দিন পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ধারণা করা হচ্ছিল, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প এই যুদ্ধের পথে হেঁটেছেন। তবে ট্রাম্প স্বয়ং জানালেন অন্য এক ব্যক্তির নাম, যিনি তাকে প্রথম ইরানের ওপর হামলার পরামর্শ দিয়েছিলেন।

ট্রাম্প সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট করেছেন যে, মার্কিন যুদ্ধ সচিব (War Secretary) পিট হেগসেথই ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেন। ট্রাম্পের কথায়, “আমি পিটকে ফোন করেছিলাম, জেনারেলদের সঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম মধ্যপ্রাচ্য আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইরান গত ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, পিট হেগসেথই প্রথম সাহসের সঙ্গে আওয়াজ তুলেছিলেন যে ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যেখানে প্রথম দিনেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই।

যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প জানিয়েছেন, গত কয়েক রাত ধরে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে এবং আগামী পাঁচ দিন তাদের জ্বালানি প্রকল্পগুলোতে কোনো হামলা চালানো হবে না। তবে ইরান এই দাবিকে আমেরিকার ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের দাবি, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে এখন আলোচনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *