ইরানের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে কাশ্মীর, সোনা ও ত্রাণ সামগ্রী দান সাধারণ মানুষের

পশ্চিম এশিয়ার যুদ্ধবিধ্বস্ত ইরানের সাধারণ মানুষের সহায়তায় অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল কাশ্মীর। পবিত্র ইদুল ফিতরের পর বদগাম ও বারামুল্লাসহ উপত্যকার বিভিন্ন শিয়া অধ্যুষিত এলাকায় ঘরে ঘরে ত্রাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। নগদ অর্থের পাশাপাশি সাধারণ মানুষ তাঁদের মূল্যবান সোনা ও রুপোর গয়না, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী এবং গবাদি পশুও স্বতঃস্ফূর্তভাবে দান করছেন।
এই মানবিক উদ্যোগে সমাজের সব স্তরের মানুষ সামিল হয়েছেন। অনেক নারী তাঁদের প্রিয় ব্যক্তিগত অলঙ্কার তুলে দিয়েছেন ত্রাণ তহবিলে; এমনকি এক বিধবা নারী তাঁর স্বামীর ২৮ বছরের স্মৃতিবিজড়িত সোনার স্মারকটিও দান করেছেন। শিশুরা তাদের জমানো টাকা ও ইদের উপহারের অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। পাশাপাশি, বদগামের বিধায়ক মুনতাজির মেহদি তাঁর এক মাসের বেতন এই তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কাশ্মীরবাসীর এই সংহতি ও সহমর্মিতার ভূয়সী প্রশংসা করেছে ভারতে অবস্থিত ইরান দূতাবাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি শেয়ার করে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে যে, কাশ্মীরের মানুষের এই নিঃস্বার্থ সমর্থন ইরান কক্ষনো ভুলবে না। সংগৃহীত এই অর্থ ও সামগ্রী সরকারি ত্রাণ সংস্থা এবং দূতাবাসের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।