ইরানের শিশুদের মৃত্যু নিয়ে ট্রাম্পকে বিঁধল তেহরান টাইমস, তুঙ্গে আন্তর্জাতিক বিতর্ক

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জনের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই নৃশংসতার প্রতিবাদে ইরানের ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’ তাদের প্রথম পাতায় নিহত শিশুদের ছবি প্রকাশ করে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেছে। সংবাদপত্রের শিরোনামে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘ট্রাম্প, এদের চোখের দিকে তাকাও’। সম্পাদকীয় প্রতিবেদনে আমেরিকার সামরিক আগ্রাসন এবং কূটনৈতিক সমাধানের পথ অস্বীকার করার কঠোর সমালোচনা করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।
ঘটনার দায় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করা হয়েছে। যদিও আমেরিকা বা ইজরায়েল এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। স্বাধীনভাবে নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব না হলেও, স্থানীয় সূত্রে অন্তত ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংঘাত গবেষক ট্রেভর বলের মতে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সম্ভবত মার্কিন ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ইজরায়েলের অস্ত্রাগারে নেই। ইরানের মেহর সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামলার ধরণ মার্কিন সামরিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই তথ্যপ্রমাণ ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ২৮ ফেব্রুয়ারির এই হামলায় নিহতদের অধিকাংশই শিশু হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।