ইরানের শীর্ষ নেতা নিখোঁজ: মোজতবা খামেনেইকে নিয়ে ঘনীভূত রহস্য

ইরানে যুদ্ধের চতুর্থ সপ্তাহেও দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইর প্রকাশ্যে না আসা নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার হামলায় আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর মোজতবা দায়িত্ব নিলেও বর্তমানে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি, মোজতবা বেঁচে থাকলেও তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বর্তমানে ইরান পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র হাতে চলে গেছে।
এদিকে ইসরায়েলি সংস্থা মোসাদ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে হন্যে হয়ে খুঁজছে। যদিও মোজতবা গোপন আস্তানা থেকে বার্তা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, তবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে তিনি বর্তমানে ইরান শাসন করছেন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাদের ধারণা, নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যুর পর দেশটির প্রশাসনিক রাশ এখন পুরোপুরি সামরিক বাহিনীর হাতে।
অন্যদিকে কুয়েতি সংবাদমাধ্যম ‘আল-জারিদা’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনেই গুরুতর আহত অবস্থায় রাশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগত উদ্যোগে তাকে মস্কোতে নিয়ে গিয়ে চিকিৎসার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।