ইরানের সঙ্গে টানটান উত্তেজনার মাঝে মার্কিন সেনাপ্রধানকে অব্যাহতি: নেপথ্যে কি ট্রাম্পের কঠোর নীতি?

ইরানের সঙ্গে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন সেনাবাহিনীতে বড়সড় রদবদল ঘটাল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ মার্কিন সেনার সর্বাধিনায়ক জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দেন। পেন্টাগন পরবর্তীতে এক বিবৃতিতে একে ‘অবসর’ হিসেবে উল্লেখ করলেও, নির্দিষ্ট মেয়াদের প্রায় দেড় বছর আগেই এই বিদায় সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে।
বিবৃতিতে জেনারেল জর্জের দ্রুত অবসর কার্যকরের কথা জানানো হলেও হঠাৎ এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ অস্পষ্ট রাখা হয়েছে। তবে প্রশাসনের একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সেনাপ্রধানের মতভেদই এই নাটকীয় সিদ্ধান্তের মূল কারণ হতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন শীর্ষস্থানীয় রদবদলকে নজিরবিহীন ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পিট হেগসেথ ধারাবাহিকভাবে সামরিক বাহিনীর উচ্চপদে রদবদল চালিয়ে যাচ্ছেন। এর আগে ফেব্রুয়ারি মাসেও অ্যাডমিরাল লিসা ফ্র্যানসেট্টি এবং জেনারেল জিম সিলফে সহ একাধিক শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেনাপ্রধানের এই অপসারণ ট্রাম্প প্রশাসনের সামরিক সংস্কার প্রক্রিয়ারই একটি বড় অংশ বলে মনে করা হচ্ছে।