ইরানের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জারি থাকছে যুদ্ধ

ইরানের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জারি থাকছে যুদ্ধ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ এবং হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হলেও ইরানের বিরুদ্ধে অভিযান থামানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান আমেরিকার সঙ্গে চুক্তিতে আগ্রহী হলেও তিনি বর্তমান শর্তে সমঝোতায় রাজি নন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণভাবে সরে আসছে, ততক্ষণ কোনো চুক্তিতে সই করবে না ওয়াশিংটন।

ইরানকে কোণঠাসা করতে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে শত্রুমুক্ত করতে শনিবার মিত্রশক্তিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন যে চিন, ফ্রান্স, জাপান এবং ব্রিটেনের মতো দেশগুলোর উচিত ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকার পাশে দাঁড়ানো। ট্রাম্পের দাবি, মার্কিন সেনারা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে জলপথে ড্রোন বা মাইন হামলার আশঙ্কা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালেস্টিক মিসাইল প্রকল্পকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত। আমেরিকা ও ইজরায়েলের দাবি, ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম পরিশোধন করছে যা বিশ্বশান্তির জন্য বিপজ্জনক। যদিও তেহরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। গত বছর ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ট্রাম্পের কড়া অবস্থানের ফলে পশ্চিম এশিয়ায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *