ইরানের সাহায্যে উপচে পড়া দান! কাশ্মীরি বিধায়ক দিলেন পুরো মাসের বেতন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ইরানের পাশে দাঁড়াতে নজিরবিহীন এক দৃশ্য দেখা গেল জম্মু-কাশ্মীরে। বাডগাম এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত ইরানের মানবিক সংকট মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা নগদ অর্থ, সোনা ও রুপোর গয়না অকাতরে দান করছেন। এই সংহতি মিছিলে শামিল হয়ে বাডগামের বিধায়ক মুন্তাজির মেহদি তাঁর এক মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, কঠিন সময়ে মানবতার খাতিরেই তিনি ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছেন।
ইসরায়েল ও আমেরিকার সঙ্গে চলা সংঘর্ষের ২৪তম দিনে ইরান যখন চরম সংকটের মুখে, তখন বিশ্বজুড়েই সাধারণ মানুষের মধ্যে সাহায্যের প্রবণতা বাড়ছে। বাডগামে সংগৃহীত এই বিপুল পরিমাণ সোনা, রুপো ও অর্থ মূলত যুদ্ধক্ষেত্রে আটকে পড়া সাধারণ মানুষের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে ব্যবহার করা হবে।