ইরানে এবার আমেরিকার পদাতিক বাহিনী, ট্রাম্পের নির্দেশে রক্তক্ষয়ী স্থলযুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য

বিস্ফোরক খবর দিল ওয়াশিংটন পোস্ট। ইরানের মাটিতে সরাসরি সামরিক অভিযান চালাতে চার হাজার মার্কিন সেনাকে রণতরীতে করে মিত্র দেশগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পেন্টাগন। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ প্যারাট্রুপার বাহিনীকেও। আকাশপথের লড়াই ছাপিয়ে এবার সরাসরি সম্মুখ সমরে নামছে আমেরিকা ও ইরান।
পেন্টাগনের এই পরিকল্পনার মূল লক্ষ্য ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড’-এর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পাল্টা প্রস্তুতি শুরু করেছে তেহরানও। ১২ বছর বয়স থেকেই নাগরিকদের জন্য যুদ্ধ বাধ্যতামূলক ঘোষণা করেছে ইরান প্রশাসন। অর্থাৎ মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের খুদে অস্ত্রধারীদের প্রতিরোধের মুখে পড়তে হতে পারে।
এদিকে ট্রাম্পের দেওয়া শান্তির সময়সীমা পার হতেই এই যুদ্ধের দামামা বেজে উঠেছে। টেক্সাসের এক অনুষ্ঠানে ইরানের প্রাক্তন শাহ-পুত্র রেজা পাহলভীও ট্রাম্পকে অনুরোধ করেছেন বর্তমান শাসকদের সঙ্গে কোনো শান্তি চুক্তি না করতে। সব মিলিয়ে ইরাকের পর এবার কি তবে ইরানেও দীর্ঘমেয়াদী ও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হতে চলেছে বিশ্ব? ধোঁয়াশা জিইয়ে রেখে এখনও নীরব হোয়াইট হাউস।