ইরানে কোণঠাসা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ক্ষমতার রাশ এখন আইআরজিসির হাতে

ইরানে কোণঠাসা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ক্ষমতার রাশ এখন আইআরজিসির হাতে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের বর্তমান অবস্থান নিয়ে চরম ধোঁয়াশার মাঝে সে দেশের শাসনব্যবস্থায় নিজেদের একাধিপত্য কায়েম করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কার্যত গুরুত্বহীন করে দিয়ে এখন দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে এই প্রভাবশালী সামরিক বাহিনী। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রশাসনিক ও সামরিক প্রতিটি ক্ষেত্রেই এখন আইআরজিসি-র জেনারেলরাই শেষ কথা বলছেন।

যুদ্ধের আবহে সে দেশের সর্বোচ্চ নেতৃত্বের অন্দরে অস্থিরতা বেড়েই চলেছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর তার ছেলে মোজতবাকে দায়িত্ব দেওয়া হলেও, তিনি দীর্ঘদিন জনসমক্ষে আসেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকে তার বেঁচে থাকা বা গুরুতর অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। টিভিতে তার নামে প্রচারিত বার্তাগুলো নিয়েও এখন সন্দেহ দানা বাঁধছে সাধারণ মানুষের মনে।

এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে আইআরজিসি দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বারবার মোজতবার সঙ্গে দেখা করার চেষ্টা করলেও আইআরজিসি-র আপত্তিতে তা সম্ভব হয়নি। বর্তমানে একটি উচ্চপদস্থ সামরিক পরিষদই ইরানের দৈনন্দিন শাসনকার্য পরিচালনা করছে। প্রেসিডেন্টের ক্ষমতাকে সংকুচিত করে দিয়ে আইআরজিসি যেভাবে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তাতে ইরানের ভবিষ্যৎ রাজনীতিতে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *