ইরানে মার্কিন বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: শত্রুসেনার চোখে ধুলো দিয়ে জখম পাইলট উদ্ধার

ইরানের মাটিতে ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-র নিখোঁজ পাইলটকে এক নাটকীয় অভিযানে উদ্ধার করেছে আমেরিকার বিশেষ প্রশিক্ষিত বাহিনী। গভীর রাতে কয়েকশো সেনার অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে জখম পাইলটকে নিরাপদে ফিরিয়ে আনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই সফল অভিযানের কথা নিশ্চিত করে একে মার্কিন বায়ুসেনার শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, অন্ধকার থাকতেই ইরানি ভূখণ্ডে প্রবেশ করে বিশেষ বাহিনী নিখোঁজ পাইলটের অবস্থান শনাক্ত করে। তবে ফেরার পথে সীমান্ত অতিক্রম করার ঠিক আগের মুহূর্তে ইরানি সেনারা মার্কিন উপস্থিতি টের পায়। শুরু হয় প্রবল গোলাগুলি। তীব্র সংঘাতের মাঝেই মার্কিন সেনারা কৌশলী অভিযানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই জখম পাইলটকে নিয়ে শত্রুসীমানা পার হতে সক্ষম হয়।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশেই এই ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে উদ্ধারকৃত পাইলট নিরাপদ ও চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, শুক্রবার বিমানটি ভেঙে পড়ার পর ইরান সরকার ওই পাইলটকে জীবন্ত ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। মার্কিন বাহিনীর এই সফল অনুপ্রবেশ ও প্রত্যাবর্তনের ঘটনাটি আন্তর্জাতিক সামরিক মহলে বর্তমানে টক অফ দ্য টাউন।