ইরানে মার্কিন বিমান হামলা: কারাজে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র ধ্বংসের পাল্টাপাল্টি দাবি

ইরানের কারাজে অবস্থিত একটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার আগে ও পরের উপগ্রহ চিত্র প্রকাশ করে আমেরিকা জানিয়েছে, ওই কেন্দ্রটি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এক্স হ্যান্ডলে সেন্টকম নিশ্চিত করেছে যে, নির্দিষ্ট অভিযানের মাধ্যমে ওই সামরিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
তবে আমেরিকার এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। গাল্ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরান জানিয়েছে ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের খবরের কোনো সত্যতা নেই। বরং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়া এখনো সচল রয়েছে বলে পালটা দাবি করেছে তেহরান।
ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আইআরজিসি তাদের অস্ত্রভাণ্ডারের মাত্র এক শতাংশ ব্যবহার করেছে। দুই দেশ হামলা অব্যাহত রাখলে তেহরান তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। বর্তমানে কারাজের পরিস্থিতি নিয়ে দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।