ইরানে মিসাইল হানায় ‘ব্ল্যাক রেন’ বা কালো বৃষ্টির আশঙ্কা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের তেল শোধনাগারে ইজরায়েলি মিসাইল হামলার ফলে উদ্ভূত বিষাক্ত ধোঁয়ায় সেদেশের আকাশে ‘ব্ল্যাক রেন’ বা কালো বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পুড়তে থাকা তেলের অবশিষ্টাংশ, ছাই এবং ক্ষতিকারক হাইড্রোকার্বন বায়ুমণ্ডলে মিশে বৃষ্টির ফোঁটার সঙ্গে কালচে ও তেলতেলে আকারে ঝরতে পারে। এই বিরল প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
হু-র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানিয়েছেন, এই দূষিত বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে থাকা ‘ব্ল্যাক কার্বন’ ও ভারী ধাতব কণা মানুষের ফুসফুসে প্রবেশ করে মারাত্মক শ্বাসকষ্ট, প্রদাহ ও দীর্ঘমেয়াদী ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া এই বিষাক্ত জল ত্বক ও চোখের সংস্পর্শে এলে সংক্রমণ ও জ্বালার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
তবে ভারতের জন্য স্বস্তির খবর হলো, এই দূষণের প্রভাব এ দেশে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাক রেনের দায়ী কণাগুলো সাধারণত উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকাতেই সীমাবদ্ধ থাকে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত অঞ্চলের বাসিন্দাদের মাস্ক ব্যবহার, ঘরের ভেতরে থাকা এবং বৃষ্টির জল সরাসরি স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।