ইরানে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে কনেলকে উদ্ধার, আজ সেনার সঙ্গে প্রেস কনফারেন্স ট্রাম্পের

ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই ঈগলের নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে আমেরিকা। অত্যন্ত সাহসিকতার সাথে চালানো এই উদ্ধার অভিযান সফল হওয়ার পর আজ সোমবার ওভাল অফিসে সেনাকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটে (১টা পিএম ইটি) এই ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ট্রুথ সোশ্যাল এবং এক্স হ্যান্ডেলে ট্রাম্প জানিয়েছেন, শত্রুবেষ্টিত এলাকা থেকে গুরুতর আহত কনেল পদমর্যাদার ওই অফিসারকে উদ্ধার করা মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। ইরানি সেনারা যখন হন্যে হয়ে ওই সাহসী পাইলটকে খুঁজছিল, ঠিক তখনই মার্কিন বাহিনী দিনদাহাড়ে এই অভিযান চালায়। ওভাল অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কনেলকে উদ্ধারের নেপথ্যে থাকা কৌশলগত দিক ও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আন্তর্জাতিক মহলে এই অভিযান নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় ব্রিফিং রুমেই বিস্তারিত তথ্য পেশ করা হবে।
নিখোঁজ অফিসারকে উদ্ধারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান এই মিশনে অংশ নেয়। প্রথম দফার হামলার পর দ্বিতীয়বার আক্রমণ চালিয়ে ওই প্রবীণ সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়। দীর্ঘ সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করে মার্কিন বাহিনী এই অপারেশন পরিচালনা করে। বিশেষ বিষয় হল, এই অভিযানে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি বা কেউ গুরুতর আহত হননি। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই সাফল্য প্রমাণ করে যে ইরানের আকাশসীমায় আমেরিকার সামরিক আধিপত্য ও শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত।
পুরো ঘটনাটিকে আমেরিকার জন্য গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উদ্ধার হওয়া অফিসার একজন অত্যন্ত সম্মানিত কনেল এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনা আসাম্ভবকে সম্ভব করার মতোই একটি বিষয় ছিল। আজকের প্রেস কনফারেন্সে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থানের বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান উত্তেজনার আবহে ট্রাম্পের এই জয়গান ও সংবাদ সম্মেলন আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।