ইরানে রেলপথে বড় হামলার হুঁশিয়ারি ইজরায়েলের, নাগরিকদের ট্রেন ভ্রমণের ওপর জরুরি নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরানের নাগরিকদের ট্রেন ব্যবহার এবং রেললাইনের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার কড়া নির্দেশ দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ-এর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে নাগরিকদের রেলপথ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময়ে ট্রেন বা রেললাইনে উপস্থিতি তাঁদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। গ্রাফিক্সে ফারসি ভাষায় দেওয়া এই বার্তাটি সমগ্র ইরানে ট্রেন যাত্রীদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ হিসেবে প্রচার করা হয়েছে।
আমেরিকাও ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইজরায়েলের ড্রোন উৎপাদন কারখানায় ইরানের বিধ্বংসী হামলার পালটা জবাব হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও ইজরায়েল আনুষ্ঠানিকভাবে ড্রোন কারখানায় হামলার বিষয়টি স্বীকার করেনি, তবে সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে যে ইরানের হামলায় তাদের কারখানাটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে ইজরায়েল এবার সরাসরি ইরানের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ওপর আঘাত হানার পরিকল্পনা করছে।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত উত্তরোত্তর আরও ভয়াবহ আকার ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শুরু হওয়া এই লড়াই এখন চরম পর্যায়ে পৌঁছেছে। কোনো নির্দিষ্ট অঞ্চলের কথা উল্লেখ না করে ইজরায়েল দেশজুড়ে রেলপথে হামলার হুমকি দেওয়ায় গোটা ইরানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ইরানের বিভিন্ন প্রান্তে রেল যোগাযোগ ব্যবস্থায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেশটির সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, কোম শহরের একটি হাসপাতালে তিনি বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এমনকি তাঁর মৃত্যু আসন্ন ভেবে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে আসামর্থিত রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে ইরান প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।