ইরানে স্কুল হামলা, তেহরানকেই কাঠগড়ায় তুললেন ট্রাম্প

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় তেহরানকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ইরানের নিজস্ব অস্ত্রশস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। অন্য স্থানে নিশানার বদলে ভুলবশত স্কুলেই আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।
ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগে মার্কিন সরকারের একটি সূত্র দাবি করেছিল যে, ওই হামলায় আমেরিকা ও ইজরায়েল সরাসরি জড়িত। তবে হোয়াইট হাউস সেই দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বরং ট্রাম্প পালটা ইরানকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন যে, এটি তাদেরই ভুল পরিকল্পনার অশুভ পরিণাম।
বর্তমানে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই হামলার তদন্ত চালাচ্ছে। যদিও তদন্তের অগ্রগতি বা নির্দিষ্ট তথ্যপ্রমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এর মধ্যেই এক মার্কিন কর্মকর্তার বক্তব্যে আমেরিকার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেলেও হোয়াইট হাউস তা এড়িয়ে গেছে। সব মিলিয়ে ইরান ও আমেরিকার মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।