ইরানে স্থলযুদ্ধের প্রস্তুতি আমেরিকার: ১২ বছরে নামল যুদ্ধের বয়সসীমা

ইরানে স্থলযুদ্ধের প্রস্তুতি আমেরিকার: ১২ বছরে নামল যুদ্ধের বয়সসীমা

ইরানের মাটিতে সরাসরি স্থল অভিযানের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার সেনাকে জাহাজে করে ইরানের প্রতিবেশী মিত্র দেশগুলোতে মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি প্যারাট্রুপার বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। মূলত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ঘাঁটিগুলো ধ্বংস করাই এই অভিযানের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা অব্যাহত থাকলেও স্থল অভিযানের এই খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে ইরানকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, যার সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইরান সরকার দেশটিতে যুদ্ধের বাধ্যতামূলক বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১২ বছর করেছে। ফলে মার্কিন বাহিনীকে ইরানি শিশুদের সশস্ত্র প্রতিরোধের সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, ইরানের নির্বাসিত শাহ-পুত্র রেজা পাহলভী টেক্সাসে এক অনুষ্ঠানে বর্তমান ইরানি শাসকদের সঙ্গে কোনো ধরনের শান্তি চুক্তি না করতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। পেন্টাগনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে রণকৌশল ও গতিপ্রকৃতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরাকের পর এবার ইরানেও একটি দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *