ইরান-আমেরিকা সংঘাতের আবহে পাকিস্তানে তুঙ্গে শিয়া-সুন্নি বিবাদ, পরিস্থিতি সামলাতে সক্রিয় আসিম মুনির

ইরান-আমেরিকা যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানে সাম্প্রদায়িক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর শিয়া গোষ্ঠীগুলো মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিক্ষোভ দেখালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই ঘটনায় দেশটির সরকার ও সেনাপ্রধান আসিম মুনিরের আমেরিকা-ঘনিষ্ঠ অবস্থান নিয়ে শিয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে শিয়াদের নিয়ে মুনিরের বিতর্কিত মন্তব্য আগুনের ঘৃতাহুতি দেয়। শিয়াদের ইরান চলে যাওয়ার পরামর্শ এবং জিন্নাহর সাম্প্রদায়িক পরিচয় টেনে আনাকে কেন্দ্র করে বিক্ষোভ আরও বাড়ে। অভিযোগ ওঠে, সেনাপ্রধানের নির্দেশেই আন্দোলনকারী শিয়াদের ওপর দমনপীড়ন চালিয়েছে পাক সেনা, যা দেশকে গৃহযুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিয়া উলেমাদের দ্বারস্থ হয়েছেন জেনারেল মুনির। বৈঠকে তিনি জাতীয় স্বার্থকে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। ২০-২৫ শতাংশ শিয়া জনগোষ্ঠীর ভাবাবেগকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট করেন যে, বিদেশের কোনো ঘটনা যেন পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট না করে।