ইরান-ইজরায়েল যুদ্ধের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরল ভারতীয় জাহাজ মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে এলপিজি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড়সড় স্বস্তির খবর দিল কেন্দ্র। হরমুজ প্রণালীর বিপজ্জনক জলপথ পেরিয়ে নিরাপদেই দেশের বন্দরে পৌঁছেছে ভারতীয় তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে যেখানে একের পর এক ট্যাঙ্কার হামলার শিকার হচ্ছে, সেখানে এই জাহাজের সফল প্রত্যাবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে দেশে রান্নার গ্যাসের সরবরাহ এবং মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই সংসদে দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই। রান্নার গ্যাসের জোগান ও অপরিশোধিত তেলের মজুত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে দিল্লির কূটনৈতিক তৎপরতাও তুঙ্গে। বিদেশমন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে তিনবার ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনায় মূলত সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ইরানে বর্তমানে প্রায় ৯,০০০ ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের মধ্যে ছাত্র, ব্যবসায়ী ও তীর্থযাত্রীরা অন্তর্ভুক্ত। তাঁদের নিরাপত্তার বিষয়েও সতর্ক নজর রাখছে ভারত সরকার।