ইরান-ইসরায়েল উত্তেজনার আবহে বড় ধাক্কা পাকিস্তানের, এপ্রিলেই ৩৫০ কোটি ডলার ঋণ শোধ করছে ইসলামাবাদ

ইরান-ইসরায়েল উত্তেজনার আবহে বড় ধাক্কা পাকিস্তানের, এপ্রিলেই ৩৫০ কোটি ডলার ঋণ শোধ করছে ইসলামাবাদ

তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দুশ্চিন্তা বাড়িয়ে বড় অংকের বৈদেশিক ঋণ শোধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) তাদের পাওনা দ্রুত ফেরত চাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কড়া নজরদারিতে থাকা পাকিস্তান সরকার চলতি এপ্রিল মাসের মধ্যেই তিন ধাপে মোট ৩৫০ কোটি মার্কিন ডলার ইউএই-কে পরিশোধ করবে।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের একজন সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী এই বিশাল অংকের ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১ এপ্রিল ৪৫০ মিলিয়ন ডলার, ১৭ এপ্রিল ২০০ কোটি ডলার এবং ২৩ এপ্রিল ১০০ কোটি ডলার পরিশোধের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য যে, এই অর্থের একটি অংশ ১৯৯৬-৯৭ সালে নেওয়া ঋণ, যা প্রায় তিন দশক পর মেটানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আমিরশাহী এবার ঋণ নবায়ন না করে অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের স্টেট ব্যাংকের বর্তমান ১৬৪০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেই এই ঋণের অর্থ প্রদান করা হবে। যদিও দেশটির রিজার্ভের একটি বড় অংশই চীন ও সৌদি আরবের মতো মিত্র দেশগুলোর আমানতের ওপর নির্ভরশীল, তবুও পাক কর্মকর্তাদের দাবি রিজার্ভ এখনও ‘স্বস্তিদায়ক’ পর্যায়ে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ইউরোবন্ডসহ চলতি মাসেই মোট ৪৮০ কোটি ডলারের দায়বদ্ধতা মেটাতে গিয়ে চরম চাপের মুখে পড়বে শাহবাজ সরকার। আইএমএফ-এর নতুন কর্মসূচির আগে এই ঋণ পরিশোধ পাকিস্তানের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *