ইরান ইস্যুতে ট্রাম্প-ভান্স দূরত্ব? মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে তুঙ্গে জল্পনা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ভান্সের অবস্থান ও নীরবতা ট্রাম্পের কৌশলের সঙ্গে সংঘাতপূর্ণ হতে পারে। বিশেষ করে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ প্রেসিডেন্টকে দেওয়া পরামর্শের বিষয়ে মুখ না খোলায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
অতীতেও ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তৎকালীন সেনেটর ভান্স। ২০২০ সালে ইরানি কমান্ডারকে হত্যার নির্দেশ এবং ২০২৪ সালে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিণাম নিয়ে তিনি নেতিবাচক মত দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ভান্স সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে ট্রাম্পের বক্তব্যগুলোই প্রচার করছেন, যা তাঁর নতুন মিডিয়া কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দূরত্বের নেপথ্যে ভান্সের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে পারে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি নিজেকে কিছুটা নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব আমেরিকার জন্য ক্ষতিকর হতে পারে—ভান্সের এমন পূর্বতন সতর্কতা এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।