ইরান থেকে তেল আমদানিতে ভারতের আগ্রহ, জোগান নিয়ে অনিশ্চয়তা

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ইরান থেকে পুনরায় অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা করছে ভারতের বিভিন্ন তেল শোধনাগার সংস্থা। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে তেহরান ছাড়পত্র দেওয়ায় এই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে ভারত বিকল্প উৎস হিসেবে ইরানের দিকে ঝুঁকলেও বর্তমানে আমদানির প্রক্রিয়াটি বেশ জটিল মোড় নিয়েছে।
তবে ভারতের এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের তেল মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা। তেহরান জানিয়েছে, এই মুহূর্তে তাদের কাছে আন্তর্জাতিক বাজারে বিক্রির মতো অতিরিক্ত বা ‘ফ্লোটিং ক্রুড’ মজুত নেই। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছুটা ছাড় মিললেও ইরানের অভ্যন্তরীণ জোগানে ঘাটতি থাকায় ভারত কতটুকু তেল পাবে, তা নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও কূটনৈতিক তৎপরতায় ভারতের কয়েকটি এলপিজি ট্যাঙ্কার ইরান অতিক্রম করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এই সংকট দীর্ঘস্থায়ী হলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে।