ইরান যুদ্ধের আবহে উত্তপ্ত পাকিস্তান, শাহবাজ সরকারকে কি উৎখাত করতে চলেছেন মৌলানা ফজলুর রহমান

ইরান যুদ্ধের আবহে উত্তপ্ত পাকিস্তান, শাহবাজ সরকারকে কি উৎখাত করতে চলেছেন মৌলানা ফজলুর রহমান

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের আবহে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অস্বস্তি বাড়িয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা ও প্রাক্তন মন্ত্রী মৌলানা ফজলুর রহমান বিরোধী জোটকে শক্তিশালী করতে কোমর বেঁধে নেমেছেন। গত কয়েক দিনে তিনি যেভাবে দেশি-বিদেশি শক্তির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, তাতে পাকিস্তানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির জল্পনা তুঙ্গে।

সম্প্রতি ফজলুর রহমান পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন পিএমএল-এন-এর বিরুদ্ধে একযোগে লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনা হয়। এরপরই ফজলুর রহমানের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এর আগে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গেও তাঁর বৈঠক এবং কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

৭২ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। আশির দশকে রাজনীতিতে আসা এই নেতা একসময় পারভেজ মোশাররফের সামরিক শাসনের কড়া সমালোচক ছিলেন। বর্তমানে আসিম মুনিরের ঘোর বিরোধী হিসেবে পরিচিত এই মৌলানা যদি বিরোধী দল ও প্রভাবশালী রাষ্ট্রগুলোর দূতদের আস্থায় নিতে পারেন, তবে শাহবাজ সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান জেলে থাকলেও ফজলুর রহমানের এই তৎপরতা পাকিস্তানের রাজনীতিতে কোনো বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *