ইরান যুদ্ধের উত্তাপে কাঁপছে দুবাই ছেড়ে পালাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনীরা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনায় দুবাইয়ের উচ্চবিত্ত সমাজে চরম আতঙ্ক ছড়িয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক হাজার কোটিপতি পরিবার ইতিমধ্যেই দুবাই ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছেন। বর্তমানে ওমানের রাজধানী মাস্কাট ধনকুবেরদের দেশত্যাগের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। সেখান থেকে প্রতিদিন কয়েক ডজন চার্টার্ড ও ব্যক্তিগত বিমান তুরস্কের ইস্তাম্বুল ও মিশরের কায়রোর পথে উড়াল দিচ্ছে, যা গত এক সপ্তাহের তুলনায় বহুগুণ বেশি।
মাস্কাট বিমানবন্দরে ভিড় সামলাতে বর্তমানে বেসরকারি বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জীবন বাঁচাতে এবং প্রিয় পোষ্যদের সঙ্গে নিয়ে গন্তব্যে পৌঁছাতে একেকটি টিকিটের দাম ২০ হাজার ডলার ছাড়িয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো প্রধান বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বর্তমানে দুবাই থেকে বিমানগুলো একটি সংকীর্ণ আকাশপথ দিয়ে যাতায়াত করছে, যা সার্বক্ষণিক সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী পাহারা দিচ্ছে।