ইরান যুদ্ধের কোপে ভারতের হোটেল শিল্প মুম্বই থেকে বেঙ্গালুরুতে প্রবল গ্যাস সংকট

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের রান্নাঘরে। যুদ্ধের জেরে জ্বালানি আমদানিতে টান পড়ায় দেশের বাণিজ্যনগরী মুম্বই সহ একাধিক মেট্রো শহরে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুম্বইয়ের প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যেই ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছে।
গ্যাস হোটেল অ্যাসোসিয়েশন (GAHAAR) জানিয়েছে, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আগামী দুই দিনের মধ্যে মুম্বইয়ের অর্ধেক হোটেল বন্ধ হয়ে যেতে পারে। শুধু মুম্বই নয়, চেন্নাই এবং বেঙ্গালুরুতেও এলপিজি সিলিন্ডারের হাহাকার শুরু হয়েছে। চেন্নাই হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের হাতে মাত্র দুই দিনের গ্যাস মজুত রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে তারা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সাময়িক স্থগিত রাখার যে বিজ্ঞপ্তি কেন্দ্র জারি করেছে, তার ফলে খাদ্য পরিষেবা শিল্পে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বেঙ্গালুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফেই ১১৫ টাকা বাড়ানো হয়েছে। সেখানকার ব্যবসায়ীদের অভিযোগ, যুদ্ধের শুরুতে ৭০ দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দেওয়া হলেও সোমবার থেকেই আচমকা গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি দাবি করেছেন যে দেশে গ্যাসের কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। হোটেল মালিকদের মতে, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের দৈনন্দিন খাবার এবং পর্যটন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।