ইরান যুদ্ধের জন্য ট্রাম্পকেই দায়ী করলেন প্রাক্তন সিআইএ কর্তা লিওন প্যানেটা

ইরান ও আমেরিকার মধ্যবর্তী চলমান সংঘাতের জন্য সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাঠগড়ায় তুললেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রাক্তন কর্তা লিওন প্যানেটা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান মধ্যপ্রাচ্য সংকট ট্রাম্পেরই সৃষ্টি। তাঁর মতে, মার্কিন প্রশাসন হয় ইরানকে অবমূল্যায়ন করেছে অথবা ভুলবশত ধরে নিয়েছিল যে এই লড়াই দ্রুত শেষ হয়ে যাবে।
প্যানেটা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল। দীর্ঘদিনের সতর্কতা উপেক্ষা করায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন কৌশলগত ও রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যথাযথ প্রস্তুতির অভাবেই আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে বলে তিনি দাবি করেন।
যুদ্ধ ২৪ দিনে পা দিলেও ইরান ও আমেরিকা উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের হামলায় আমেরিকার একাধিক যুদ্ধবিমান ও তেল ভাণ্ডার ধ্বংস হওয়ায় প্যানিটা প্রশাসনের ব্যর্থতাকে তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি প্রেসিডেন্টের অপরিণামদর্শী সিদ্ধান্তকেই দায়ী করেছেন।