ইরান যুদ্ধের জেরে মহার্ঘ বিয়ার: ভারতে একধাক্কায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা

ইরান যুদ্ধের প্রভাবে ভারতের বাজারে বিয়ারের দাম একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। আন্তর্জাতিক বিয়ার প্রস্তুতকারক সংস্থা হাইনেকেন, এবি ইনবেভ এবং কার্লসবার্গ সরবরাহে ঘাটতি ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধির সতর্কতা দিয়েছে। মূলত যুদ্ধের জেরে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির চুল্লিগুলি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বোতলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিয়ারের ক্যান তৈরির অ্যালুমিনিয়াম আমদানিতেও তৈরি হয়েছে জটিলতা।
পানীয়ে সমস্যা না থাকলেও বিয়ারের প্যাকেজিং ও আনুষঙ্গিক উপকরণের ব্যয় বৃদ্ধিই বর্তমান সংকটের মূল কারণ। কাগজের কার্টনের দাম দ্বিগুণ হওয়ার পাশাপাশি লেবেল ও টেপের খরচও আকাশছোঁয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রধান বিনোদ গিরি জানিয়েছেন, বর্ধিত উৎপাদন খরচের ভার সামলাতে তাঁরা রাজ্য সরকারগুলির কাছে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন।
ভারতে গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই বিয়ারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ভরা মরসুমে সরবরাহের ঘাটতি ও সম্ভাব্য মূল্যবৃদ্ধি সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কাঁচামাল ও পরিবহণ সংকটের কারণে সংস্থাগুলি পর্যাপ্ত উৎপাদন বজায় রাখতে হিমশিম খাচ্ছে। ফলে আসন্ন দিনগুলিতে ভারতের বাজারে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিয়ারের দাম বাড়া এখন সময়ের অপেক্ষা মাত্র।