ইরান যুদ্ধের দায় ঝাড়লেন ট্রাম্প! নিজের প্রতিরক্ষা সচিবকেই কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন প্রেসিডেন্ট

আমেরিকা ও ইরানের রক্তক্ষয়ী লড়াইয়ে উত্তাল গোটা বিশ্ব। জ্বালানি সংকট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অশান্তি— সব মিলিয়ে কোণঠাসা ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধের যাবতীয় দায় সরাসরি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ওপর চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক বৈঠকে ট্রাম্প প্রকাশ্যেই দাবি করেন, হেগসেথের উসকানি আর জেদেই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্পের কথায়, “পিট, তুমিই তো হামলার কথা প্রথম বলেছিলে।” অথচ এই হামলার পরিণতি যে এতটা ভয়াবহ হবে এবং ইরান এভাবে পালটা আঘাত হানবে, তা বোধহয় ঘূর্ণাক্ষরেও ভাবেনি ওয়াশিংটন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হওয়ায় ট্রাম্প এখন চরম ব্যাকফুটে। আর সেই কারণেই নিজের ঘাড় থেকে দায় নামাতে প্রতিরক্ষা সচিবকে বলির পাঁঠা বানাচ্ছেন তিনি। যেখানে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ প্রশাসনের অনেকেই এই যুদ্ধের বিপক্ষে ছিলেন, সেখানে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য মার্কিন অন্দরের ফাটলকেই স্পষ্ট করে দিল।