ইরান যুদ্ধ ও জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ইরান যুদ্ধ ও জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

সংসদে চলমান বাজেট অধিবেশনে সোমবার ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অস্থিরতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আবহে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানান, বর্তমান সংকটের মধ্যেও দেশে প্রায় ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

উপসাগরীয় অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী জানান, আটকে পড়া প্রায় ৩.৭৫ লক্ষ ভারতীয়কে ইতিমধ্যেই সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ প্রত্যাবর্তনে সরকার তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথে কোনো ধরনের অবরোধ বা বাণিজ্যিক জাহাজে হামলা ভারত কোনোভাবেই সমর্থন করে না এবং এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনাও করেছেন।

যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি সামলাতে ভারতের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকার পাশাপাশি সাইবার নিরাপত্তাও জোরদার করা হয়েছে যাতে কোনো অশুভ শক্তি পরিস্থিতির সুযোগ নিতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, ভারত সবসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী। একইসঙ্গে দেশের কৌশলগত পরিকাঠামো রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *