ইরান সংঘাতের জেরে দুবাই ছাড়ছেন হাজারো ধনকুবের

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনায় চরম আতঙ্ক ছড়িয়েছে দুবাইয়ের বিত্তশালীদের মধ্যে। আর্থিক নিরাপত্তা ও জীবনের ঝুঁকিতে ইতিমধ্যেই প্রায় এক হাজার ধনী পরিবার শহরটি ত্যাগ করেছেন। ওমানের রাজধানী মাস্কাট এখন এই ধনকুবেরদের নিরাপদ প্রস্থান পথ হয়ে উঠেছে, যেখান থেকে প্রতিদিন অন্তত ৩০টি চার্টার্ড বিমান ইস্তাম্বুল ও কায়রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আকাশপথে ভিড় বাড়ায় মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমানে বাণিজ্যিক ফ্লাইটকে অগ্রাধিকার দিয়ে ব্যক্তিগত জেটের সংখ্যা সীমিত করার নির্দেশ দিয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকুচিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। দুবাই থেকে আসা বিমানগুলো এখন বিশেষ সামরিক পাহারায় নির্দিষ্ট করিডোর দিয়ে যাতায়াত করছে। এদিকে অতিরিক্ত চাহিদার কারণে ব্যক্তিগত বিমানের একটি টিকিটের দাম ২০ হাজার ডলার ছাড়িয়েছে। অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করায় হাজারো সাধারণ যাত্রীও বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলো ইউরোপ ও আমেরিকার পথে বাড়তি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।