ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল রাজত্ব শুরু, ডিমোনা হামলার পর বড় ঘোষণা

তেহরান এখন দখলকৃত অঞ্চলের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ মুসাভি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনে এমন সব নতুন যুদ্ধকৌশল ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হবে যা দেখে আমেরিকা ও ইসরায়েলি কমান্ডোরা স্তম্ভিত হয়ে যাবেন।
ইরানি পার্লামেন্টের স্পিকার এমবি গালিবফ জানিয়েছেন, ইসরায়েলের সবথেকে সুরক্ষিত ডিমোনা অঞ্চলে মিসাইল ঠেকাতে ব্যর্থ হওয়া যুদ্ধের এক নতুন মোড়। এর অর্থ হলো ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি অরক্ষিত। পরবর্তী পূর্ব-পরিকল্পিত ছক অনুযায়ী হামলার সময় চলে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি ডিফেন্স সিস্টেম দক্ষিণ অরাদে সরাসরি আঘাত হানা ব্যালিস্টিক মিসাইল আটকাতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বায়ুসেনা। জানা গেছে, মিসাইলটি ধ্বংস করার দুটি প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই হামলায় শিশুসহ ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং অরাদ শহর থেকে প্রায় ১৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি বিদেশ মন্ত্রক এই ঘটনাকে ‘জঘন্য যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।