ইসরায়েলের নিশানায় খামেনেই-পুত্র মোজতবা, চরম উত্তেজনার মুখে ইরান

ইসরায়েলের নিশানায় খামেনেই-পুত্র মোজতবা, চরম উত্তেজনার মুখে ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের প্রয়াণের পর তাঁর পুত্র মোজতবা খামেনেইকে হত্যার প্রকাশ্য হুঙ্কার দিল ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাফ জানিয়েছেন, মোজতবা যেখানেই আত্মগোপন করে থাকুন না কেন, তাঁকে খুঁজে বের করে খতম করা হবে। ইসরায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানে মোজতবা গুরুতর জখম হয়েছেন বলে জল্পনা থাকলেও, তাঁর বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এদিকে, কুয়েতের সংবাদ সংস্থা ‘আল-জারিদা’ দাবি করেছে যে উন্নত চিকিৎসার জন্য মোজতবাকে মস্কোতে স্থানান্তরিত করা হয়েছে। যদিও রুশ প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট মোজতবার জীবিত থাকার সম্ভাবনা উস্কে দিলেও গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এই ডামাডোলের মধ্যেই আইআরজিসি কমান্ডার গোলামরেজা সোলাইমানি ও নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল।

যুদ্ধের তীব্রতা বাড়িয়ে বুধবার দক্ষিণ-পশ্চিম ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাস প্রসেসিং ইউনিটে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রশাসনের সবুজ সংকেত পাওয়ার পর পারস গ্যাসক্ষেত্রে এই প্রথমবার প্রাকৃতিক সম্পদ লক্ষ্য করে হামলা চালানো হলো। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ আগামী ২৪ ঘণ্টায় আরও বড় অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। তেহরানকে সহায়তাকারী প্রতিটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তেল আবিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *