ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী, কৌশলগত সমীকরণে উদ্বেগে পাকিস্তান ও আরব বিশ্ব

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তেল আবিবে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। মোদীর এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বর্তমানে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বিশেষ ‘জোট’ গঠনের প্রস্তাব মুসলিম দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত, গ্রিস ও সাইপ্রাসসহ কয়েকটি দেশকে নিয়ে এই কৌশলগত সহযোগিতার আহ্বানকে কেন্দ্র করে সরব হয়েছে পাকিস্তান। দেশটির সংসদ ইতিমদ্যেই এই বক্তব্যের বিরোধিতা করে প্রস্তাব পাস করেছে। ডন ও জিও নিউজের মতো পাক সংবাদমাধ্যমগুলো এই সফরকে তাদের দেশের জন্য বড় ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ পরবর্তী সময়ে ভারত ও ইসরায়েলের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গাজা ইস্যু ও ইরান নিয়ে উত্তেজনার আবহে ভারতের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের এই নিরপেক্ষ অথচ শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে।